দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের ষড়যন্ত্র: কোয়ারেন্টিন শেষে ২১৯ প্রবাসী কারাগারে

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৯:৩০ পিএম

কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে জড়িত অভিযোগে কুয়েত, কাতার ও বাহরাইন থেকে আসা ২১৯ জনকে পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে জেলে পাঠিয়েছেন আদালত। তারা সকলে উত্তরা দিয়াবাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন।

রবিবার মুখ্য মহানগর হাকিম আদালত দেশে ফেরত এই প্রবাসীদের কারাগারে পাঠান। পুলিশ গোপন সূত্রে তাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করার খবর জানতে পেরেছে বলে আদালতকে জানানো হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাক্বীন বলেন, এই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপরাধে সাজা খাটছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাদের মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ তার আবেদনে বলেছেন, এই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। বিভিন্ন মেয়াদে তাদের সাজাও হয়েছিল। দেশে আসার পর তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখা হয়। এ সময় বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সলাপরামর্শ করছিলেন বলে গোপন সূত্র খবর পাওয়া যায়। তাদের ছেড়ে দিলে দেশে চুরি-ডাকাতি বাড়তে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

জানা গেছে, দেশে ফিরে আসা ২১৯ জনের মধ্যে কুয়েত থেকে এসেছেন ১৪১ জন, কাতার ও বাহরাইন থেকে এসেছেন ৩৯ জন করে। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত