শিক্ষার্থীর রুমে শিক্ষকের তালা ঝোলানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০১:৪৯ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে ছাত্রাবাস ছেড়ে দিতে চাইলে ওই বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষক ওই শিক্ষার্থীর রুমে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর রবিবার কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭ দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হস্তান্তর করবে।

প্রসঙ্গত, গত ২৬ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী মজনু অর্থনৈতিক অস্বচ্ছলতার কারনে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ক্ষণিকা ছাত্রাবাস ছেড়ে দিতে চাইলে একই বিভাগের শিক্ষক ও মেস মালিক ড. সাইফুল ইসলাম মেসে থাকা কেয়ারটেকারকে তালা লাগাতে নির্দেশ দেন এবং ভাড়া পরিশোধ না করা পর্যন্ত মজনুকে রুমে প্রবেশ করতে দিতে নিষেধ করে দেন বলে অভিযোগ পাওয়া যায়।  

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও অভিযোগ জানায় শিক্ষার্থী মজনু মিয়া।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর দেশ রূপান্তরকে বলেন, করোনার এই পরিস্থিতে শিক্ষার্থী মজনু যে অভিযোগটি করেছে সেটি ঘটে থাকলে তা অমানবিক। অন্যদিকে শিক্ষক ড. সাইফুল ইসলাম এক বিবৃতির মাধ্যমে ঘটনাটি মিথ্যাচার বলেও অভিযোগ তুলেছেন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. শেখ সুজন আলীকে আহ্বায়ক, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানকে সদস্য-সচিব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহ. প্রক্টর শাহজাদা আহসান হাবীবকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে। যারা আগামী ৭দিনের ভেতর তদন্ত প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ড. শেখ সুজন আলী বলেন, আমরা দ্রুতই তদন্ত করব এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করব। আমরা প্রকৃত ঘটনাটি তুলে ধরতে পারব বলে আশা রাখি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত