টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১২:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা মাদক কারবারির সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা।

এ ঘটনায় এসআই মশিউর রহমান, কনস্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছে।

নিহতরা হলেন- হ্নীলা মৌলভীবাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২০) ও হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে আব্দুল জলিল (৩০)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী গ্রুপের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অপরাধীদের ছোঁড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়, এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয়পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করা হয়।

তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছার পর দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত