করোনার উপসর্গে গৃহবধূর মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৯:২২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সাতাইল-বাতাইল গ্রামে মঙ্গলবার সকালে জেসমিন আক্তার প্রিয়া (১৮) নামে এক গৃহবধূ করোনার উপসর্গ জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী।

এদিকে ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, জেসমিন আক্তার প্রিয়াকে হত্যা করা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জেসমিন আক্তার প্রিয়া গত ২০ জুনের দিকে করোনার উপসর্গ নিয়ে প্রথমবার হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। আবারও গত সোমবার দুপুরে জেসমিন আক্তার প্রিয়া করোনার উপসর্গ জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯ টায় তার মৃত্যু হয়।

কিন্তু জেসমিন আক্তার প্রিয়ার মৃত্যুর পর তার পরিবার থেকে অভিযোগ করা হয় তাকে নির্যাতন করে হত্যা করেছে তার স্বামীর পরিবার।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিদুল ইসলাম বলেন, জেসমিন আক্তার প্রিয়া জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এই উপসর্গ নিয়েই তার মৃত্যু হয়। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যয়নপত্র থেকে জেসমিন আক্তার প্রিয়ার মৃত্যু করোনার উপসর্গে হয়েছে বলে জানা গেছে। তারপরও প্রিয়াকে হত্যার অভিযোগ করায় তার লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত