খারাপ লোকের নোংরা রাজনীতির আখড়া বলিউড: রাভিনা ট্যান্ডন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১২:২৪ এএম

সুশান্তের মৃত্যুর পর বলিউডের ‘মিন গার্ল’দের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন রাভিনা ট্যান্ডন। নাম না নিলেও আন্দাজ করাই যায়, রাভিনার নিশানায় ছিলেন কারিনা-কারিশ্মাদের দল। আবারও বোমা ফাটালেন তিনি। কিছু ‘খারাপ’ লোকের নোংরা রাজনীতির আখড়া বলিউড, এমনটাই মনে করছেন অভিনেত্রী।

বলিউডে রাজনীতি রয়েছে, রয়েছে ভালো-খারাপ দু’ধরনের মানুষই... সে কথা মেনে নিয়েই রাভিনার বক্তব্য, “খারাপ লোকেরা এখানে আপনার ব্যর্থতা ছকে দেয়। আমি নিজেও এর শিকার হয়েছি।“ রাভিনার নিশানায় কে? কারিশ্মা? ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই সরে যেতে হয়েছিল রাভিনাকে। গোবিন্দ ও তার জুটি ভেঙে যায়। সে জায়গায় চলে আসেন কারিশমা কাপূর। তখন গৌরী খান ইন্ডাস্ট্রির একটা খুঁটি। শাহরুখ খানের নায়িকা কে হবেন, অন্যান্য পরিচালকেরা কাকে নেবেন ছবিতে— সেসব ক্ষেত্রেও প্রভাব খাটানোর ক্ষমতা রাখতেন গৌরী।

তাই এত বছর পর নাম না করেই কি নিজের তরতাজা ক্যারিয়ারের ব্যর্থতার কারণ হিসেবে কাপুর সিস্টার্সদের দুষলেন রাভিনা? প্রশ্ন নেটাগরিকদের।

এখানেই থামেননি রাভিনা। বলিউডের সঙ্গে টেনে এনেছেন ক্লাসরুম পলিটিক্সের তুলনাও। “কারও অবনতি হচ্ছে, কেউ তলিয়ে যাচ্ছে, দেখতেই অনেকে ভালবাসে এখানে, ইচ্ছে করে ছবি থেকেও বাদ দেওয়া হয়। এক নোংরা খেলার নেশায় তারা বুঁদ হতে থাকে ক্রমশ”...মন্তব্য রাভিনার।

তবে করন জোহরকে চটাননি তিনি। বরং কিছুটা তার হয়েই কথা বলেছেন তিনি। করনের প্রযোজনায় সুশান্তের ছবি ‘ড্রাইভ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সুশান্তের মৃত্যুর পর নেটাগরিকদের একাংশ করন বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ইচ্ছে করেই ড্রাইভের মতো স্টোরিলাইন বিহীন, নড়বড় একটা স্ক্রিপ্টে সুশান্তকে কাস্ট করেছিলেন করন। রাভিনা তা মানতে চাননি। তার প্রশ্ন, “কোটি কোটি টাকা খরচা করে কোনো প্রযোজক ইচ্ছে করে কেন খারাপ ছবি বানাতে যাবেন বলতে পারেন?”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত