রাজধানীর মোহাম্মদপুরে ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙে গলাকেটে মারিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কাঁটাসুর রোডের ৩৮২ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। মারিয়া নীলফামারীর জলঢাকা থানার খালিশা খুটামারা গ্রামের মো. মাজেদুল ইসলামের মেয়ে। যমজ দুই ভাই ও এক বোনের মধ্যে মারিয়া ছিল ছোট।
মারিয়ার মা লিলি আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে তিনজনকে একসঙ্গে খাবার খাওয়াচ্ছিলাম। খাবার শেষে হাঁটতে-হাঁটতে ড্রেসিং টেবিলের সামনে যায় মারিয়া। একপর্যায়ে খেলতে খেলতে ড্রেসিং টেবিলের ওপরে পড়ে যায় সে। এসময় ড্রেসিং টেবিলের কাচ ভেঙে তার গলা কেটে ভেতরে ঢুকে যায়। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
