করোনা পরিস্থিতি নিয়ে ফাউসির মন্তব্য উড়িয়ে দিলেন ট্রাম্প

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৯:৩২ এএম

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয় বলে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি যে মন্তব্য করেছিলেন তা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের অবস্থা এখন বেশ ভালো।

সোমবার ফেসবুক ও টুইটারে লাইভ স্ট্রিমে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের করোনা বিষয়ক টাস্কফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফাউসি বলেছিলেন- “বর্তমান পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়। যুক্তরাষ্ট্র এখনো প্রথম ধাপের সংক্রমণের হাঁটু গভীরে আছে।”

মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় ফাউসির এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ট্রাম্প। ফক্স নিউজের সাবেক এক সঞ্চালকের ‘ফুল কোর্ট প্রেস’ নিউজ শোতে তিনি বলেন, “আমি মনে করি, আমরা এখন ভালো অবস্থায় আছি। আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।”

করোনা নিয়ে ফাউসির অতীত কিছু মন্তব্য টেনে ট্রাম্প বলেন, “ডা. ফাউসি তো মাস্ক না পরতেই বলেছিলেন। এখন তিনি সবাইকে মাস্ক পরতে বলছেন।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ফাউসির এমন ‘আরও কিছু’ পরামর্শ ছিল যেগুলোকে তিনি বাজে হিসেবে দেখেন।

“আমরা ভালো দায়িত্ব পালন করেছি। আমি মনে করি দুই, তিন, চার সপ্তাহ পর পরবর্তী সাক্ষাৎকারের মধ্যে আমরা খুব ভালো অবস্থায় চলে আসব।”

কিন্তু ট্রাম্পের এমন দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সাক্ষাৎকারের তিনই দেশটিতে চব্বিশ ঘণ্টায় রেকর্ড ৬০ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

তাতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত এখন ৩১ লাখ ছুঁই ছুঁই, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার, যা বিশ্ব সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের হটস্পট এখন দেশটির দক্ষিণাঞ্চল। সংক্রমণ বাড়তির দিকে থাকায় বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা থেকে সরে আসছে অনেক অঙ্গরাজ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত