ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের শুকনাকুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ট্রাকসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
নিহত যুবক এস এম সাব্বির (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের মরহুম বসিরউদ্দিন ফকিরের ছেলে। আহত প্রান্ত ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা মোটরসাইকলে করে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ (ডিএসবি) সূত্রে জানা যায়, দুই বন্ধু ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দুইজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহমুদা শারমিন নেলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
