চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা জমসেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তাসহ আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭৪ জন ও মারা গেছেন ৩ জন।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন, দামুড়হুদার দর্শনায় একজন ও জীবননগর উপজেলার একজন।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জমসেদ আলী (৬৭) দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের গাং পাড়ার মৃত শুকুর আলীর ছেলে। তিনি করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি হয়েছিলেন। তিনি জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও ঠান্ডায় ভুগছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৭৬ জন নারী-পুরুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭৪ জন ও মারা গেছেন ৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে তিনজনকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।
