করোনায় বিপাকে মির্জাপুরের ১৩০০ কিন্ডারগার্টেন শিক্ষক

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০২:২২ পিএম

করোনার প্রাদুর্ভাবে মির্জাপুর উপজেলায় কিন্ডারগার্টেনের ১৩০০ শিক্ষক কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

গত ১৮ মার্চ থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ রয়েছে মির্জাপুরের ১৩৯ কিন্ডারগার্টেন।

এসব স্কুলে কর্মরত শিক্ষকরা বর্তমানে পুরোপুরি কর্মহীন। আয় উপার্জন বন্ধ থাকায় তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে।

মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে এসব কিন্ডারগার্টেন স্কুলের বেশির ভাগই ভাড়া বাসায়। যারা স্কুলগুলো পরিচালনা করেন তারাও চার মাস ধরে বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছেন না। ফলে উপজেলার এসব কিন্ডারগার্টেন স্কুল টিকে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাদের উদ্যোগে বিভিন্ন পেশার মানুষকে বিভিন্নভাবে সাহায্য প্রদান অব্যাহত থাকলেও কোনো সহযোগিতা পাচ্ছেন না উপজেলায় ১৩৯টি কিন্ডারগার্টেনের ১ হাজার ৩০০ শিক্ষক-কর্মচারী।

তারা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা পারছেন না কারো কাছে হাত পাততে, না পারছেন সাহায্য চাইতে বা দিন মজুরের কাজ করতে।

সরকারি ঘোষণার মধ্য দিয়ে বন্ধ হওয়া এসকল স্কুলের শিক্ষক-কর্মচারীরা ১৮ মার্চ হতে বাড়িতে বসে বেকার জীবনযাপন করছেন বলে জানা গেছে।

কিন্ডারগার্টেন (কেজি) স্কুল বন্ধ থাকায় শিক্ষকরা কোচিং ও ব্যক্তিগত প্রাইভেট পড়াতেও পারছেন না।

মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত বেতন হতে শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা পরিশোধ করা হয়। কিন্ডারগার্টেনগুলো বন্ধ থাকায় মার্চ হতে তাদের সম্মানীভাতা বন্ধ রয়েছে।

মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম খান জানান, গত তিন মাস ধরে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

কিন্ডারগার্টেনের শিক্ষকরা প্রাপ্ত সম্মানী দিয়ে সংসার চালাতে পারেন না। পাশাপাশি তারা টিউশনি করে প্রাপ্ত অর্থ দিয়ে সংসারের খরচ বহন করেন। বর্তমানে করোনার আগ্রাসনের কারণে তাও বন্ধ রয়েছে।

কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীদদের এমন অবস্থার কথা তুলে ধরে টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলে কর্মহীন শিক্ষকদের সহায়তা করার চেষ্টা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত