ইংল্যান্ডের ব্যানবুরির এক পথচারী একদিন ললিকে দেখে দাঁড়িয়ে যান। একদম নড়াচড়া নেই। যেন নিথর। বিড়ালটি মারা গেছে ভেবে অন্যদেরও জড়ো করেন তিনি। ততক্ষণে ললির মালিকও এসে হাজির। হইচইয়ের এক পর্যায়ে সবাই বুঝতে পারেন, বিড়ালটির কিছুই হয়নি।
এভাবে ললি এখন প্রায়ই ভান ধরে রাস্তার পাশে পড়ে থাকে। কখনো কখনো কোনো পথচারী সেই আগের মতো দাঁড়িয়েও যান। বিড়ালটির মালিক লেসলি সাউথাম মেট্রো নিউজকে জানিয়েছেন, এভাবে ললি গোটা এলাকায় পরিচিতি পেয়েছে।
‘ও মানুষের নজর কাড়তে ভালোবাসে। এমনভাবে শুয়ে থাকে মানুষ পরীক্ষা করতে বাধ্য হয় যে বেঁচে আছে কি না।’
৪৭ বছর বয়সী সাউথাম সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ললির একটি ছবি পোস্ট করেন। সেখানে লিখেছেন, ‘হাই, আমার নাম ললি। মানুষ আমার প্রিয়। প্রিয় কাজ মরার ভান ধরে রাস্তার পাশে পড়ে থাকা।’
‘দয়া করে আমাকে নিয়ে তোমরা চিন্তিত হবে না। সবাই আমার মালিককে চেনে। বেশি চিন্তা হলে তাকে ফোন করবে।’
১৪ বছর বয়সী ললি বেশি পরিচিতি পেয়েছে স্থানীয় স্কুল শিক্ষার্থীদের কাছে। প্রতিদিন বাড়ি ফেরার সময় তারা ললিকে খাবার দেয়।
