সাহারা খাতুনের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ১০ জুলাই ২০২০, ০১:৪৪ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ এক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘কল্যাণমূলক রাজনীতির অগ্রদূত সাহারা খাতুন জাতির পিতার নির্দেশিত পথে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ হারাল একজন সফল রাজনীতিবিদকে এবং আওয়ামী লীগ হারাল দলের একজন ত্যাগী ও পরীক্ষিত শীর্ষ নেতাকে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের দুঃসময়ে তিনি সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সাহারা খাতুনের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত