দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতা ও স্বাস্থ্য খাতে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। বাম নেতারা বলেছেন, করোনা মোকাবিলায় শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। একদিকে ব্যর্থতা, অন্যদিকে দুর্নীতি পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এ প্রক্রিয়ায় গোটা স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ বলেন, করোনা মোকাবিলায় শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। একদিকে ব্যর্থতা আর সমন্বয়হীনতা পুরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। তার সঙ্গে আছে দুর্নীতি-লুটপাট। এ প্রক্রিয়ায় গোটা স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা, নন করোনা কোনো রোগেরই চিকিৎসা পাচ্ছে না জনগণ। এ ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।
