করোনায় আ.লীগ নেতা শিক্ষকসহ ৫ জনের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:২৪ এএম

করোনাভাইরাসে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা, খুলনায় বৃদ্ধ, কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃদ্ধা এবং জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসাশিক্ষক ও এক বৃদ্ধ মারা গেছেন। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

টাঙ্গাইল : ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বকুল করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুহম্মদ আজিজুল হক নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান গতকাল দুপুরে জানান, জেলায় নতুন করে স্বাস্থকর্মী, বেসরকারি ক্লিনিকের ম্যানেজারসহ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৫২ জন।

খুলনা : খুলনায় শরিফ উদ্দিন (৭০) নামে আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। শরিফ উদ্দিন নগরীর শের-ই-বাংলা রোডের বাসিন্দা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. শেখ ফরিদউদ্দীন আহমেদ জানান, করোনা আক্রান্ত শরিফ উদ্দিন বুধবার  হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।

জামালপুর : করোনায় আক্রান্ত হয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক মাদ্রাসাশিক্ষকসহ ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ও গত বুধবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতাল এবং জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে তাদের মৃত্যু হয়।

২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, সরিষাবাড়ীর শিমলাপল্লী এলাকার  মো. তৈয়েজ আলী (৭০) নামে ওই ব্যক্তির গত ২৯ জুন করোনা শনাক্ত হলে ওইদিনই তাকে শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

এর আগে বুধবার রাতে একই উপজেলার মহিউদ্দিন (৫৫) নামে মাইজবাড়ী গ্রামের এক মাদ্রাসাশিক্ষক করোনায় আক্রান্ত হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুড়িগ্রাম : ফুলবাড়ী উপজেলায় পূর্ণিমা রানী সরকার নামে এক বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান। এর আগে তার কভিড-১৯ টেস্ট করা হলে তা পজিটিভ আসে। পূর্ণিমা ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা গ্রামের বীরেন্দ্র নাথ সরকারের স্ত্রী। উপজেলায় এই প্রথম একজন করোনা রোগীর মৃত্যু হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত