সারা দেশে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়া গ্রাম পরিদর্শনকালে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
উপমন্ত্রী আরও বলেন, বেলটিয়া গ্রামে নদীভাঙনে ঘরবাড়িহারা মানুষকে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। নদীর পানি শুকিয়ে গেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে যার যেখানে ঘর-বাড়ি ছিল সেখানেই তাদের ঘর-বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।
স্থানীয় সাংসদ হাছান ইমান খান সোহেল হাজারী, জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় উপমন্ত্রী নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারকে ১০ হাজার করে টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
