আনাস মাদানীর সঙ্গে বসে 'ভুল বুঝাবুঝির' সমাধান করবেন বাবুনগরী

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৬:০৩ পিএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও তার ছেলে আনাস মাদানীকে নিয়ে বিরূপ মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অনুরোধ জানান জুনায়েদ বাবুনগরী। 

বিবৃতিতে তিনি বলেন, হেফাজত আমির সর্বজন শ্রদ্ধেয়। আমাদের জন্য নেয়ামতে উজমা। আমাদের মাথার ছায়া, মুকুটহীন সম্রাট। হুজুরপুত্র আনাস মাদানীও আমার ছোট ভাইয়ের মতো। আমাদের মাঝে কোনো দূরত্ব নাই।

কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ঘরের মাঝে ভুল বোঝাবুঝি হলে যেমন সবাই বসে সেটা সমাধান করে। আমরাও বসে ভুল বুঝাবুঝি সমাধান করে নেব। আমাদের মুরুব্বীরা সমাধান করে দেবেন।

তিনি বিবৃতিতে আরো বলেন, দুঃখের বিষয় আাল্লামা শাহ আহমদ শফী ও তার ছেলে আনাস মাদানীকে নিয়ে দৈনিক পত্রিকা, সোশ্যাল মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া এবং ফেইসবুক পেজে বিরূপ মন্তব্য ও লেখালেখি করা হচ্ছে। যা আমাদের ভুল বুঝাবুঝি ও দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। 
বাবুনগরী আরো বলেন, হাটহাজারী মাদ্রাসা সবার মাদ্রাসা। দ্বীনকে রক্ষার জন্য আমাদের মুরব্বীরা খেয়ে না খেয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তাই আসুন আমরা সবাই হাটহাজারী মাদ্রাসার জন্য ভালবাসা-মহব্বতের অন্তর খুলে দেই। 

সম্প্রতি হেফাজত আমিরের অসুস্থতাকে ঘিরে হাটহাজারী মাদ্রাসার মোহতামিম নিয়োগ ও হেফাজতের আমিরের পদাসীন হওয়ার গুঞ্জন নিয়ে বিরোধের খবর পাওয়া যায়। মজলিশে শুরার বৈঠক ডেকে হাটাহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয় জুনায়েদ বাবুনগরীকে। এ পদে আসীন করা হয় মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মাওলানা শেখ আহমদকে। এরপর হেফাজতে ইসলাম ও কওমি আলেম-ওলামাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ নিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব পদ থেকেও বাবুনগরীকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য ও গণমাধ্যমে কথা বলতে রাজী হননি জুনায়েদ বাবুনগরী। তবে হাটহাজারী মাদ্রাসায় এক বৈঠকের পর আল্লামা জুনায়েদ বাবুনগরী এই বিবৃতি দেন বলে জানা গেছে। 

হেফাজতের দায়িত্বশীল নেতাকর্মীরা জানান, বৈঠকে সবাই সমঝোতায় উপনীত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত