বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক সপরিবারে করোনায় আক্রান্ত

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:১০ পিএম

বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ও দলের ফরেন রিলেশন কমিটির সদস্য এনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত।

বৃহস্পতিবার তার বাবা মুজিবুল হক চৌধুরী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার এক ভার্চুয়াল আলোচনায় এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সিলেটের বিএনপির নেতা এনামুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি তার সুস্থতা কামনা করছি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে এভাকেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি আছেন। ২৯ জুন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে বাব-মাসহ সিসিইউ-তে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার তার বাবা মারা যান।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার খোঁজ রাখছেন। এনামুল হক চৌধুরী আগের চেয়ে অনেকটা ভালো। তার মা সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন। তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এনামুল হকের স্ত্রী শারমিন হক চৌধুরী বাসায় কোয়ারেন্টিনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত