করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ৩৫ বিচারক। গতকাল শুক্রবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান। তিনি জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে ৩৪ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আর গত বৃহস্পতিবার মাগুরার জেলা জজের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দ্বিতীয়বার করোনা নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন। অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. ফেরদৌস আহমেদ গত ২৪ জুন রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অধস্তন আদালতে ৫১ জন বিচারক ও ২১৭ জন কর্মচারীসহ মোট ২৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কর্মচারীদের মধ্যে ৮৩ জন সুস্থ হয়েছেন। একজন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া ১৩৩ জন কর্মচারী হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।
