রূপগঞ্জে শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৩:৫৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মেহেদী হাসান (১৮) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকার শীতলক্ষ্যা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার চাঁদপুর জেলার সদর থানার বিঞ্চুপুর এলাকার জাহাঙ্গীর প্রধানের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রিয়াজুল হক জানান, মেহেদী হাসান চাঁদপুর থেকে যাত্রাবাড়ি মামা বিল্লাল হোসেনের বাড়িতে কাজের সন্ধানে আসেন। পরে বিল্লাল হোসেন ভাগিনা মেহেদী হাসানকে রূপগঞ্জ উপজেলার ডাক্তারখালী এলাকার একটি কয়েল কারখানায় শ্রমিক হিসেবে কাজ ঠিক করে দেন।

গত শুক্রবার মেহেদী হাসান তার সহকর্মী ফারুক, তছলিম, কাশেমের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। পরে সহকর্মীরা তীরে উঠে আসতে পারলেও মেহেদী হাসান আর পানি থেকে উঠে আসেনি।

পরে শনিবার সকালে ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি দলের সহযোগিতায় শীতলক্ষ্যা নদীতে থেকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত