কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় ক্যাম্পাস ও কোটবাড়ি এলাকার মেস ও বাসার মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন মেস ভাড়া মওকুফ সংক্রান্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন।
জানা যায়, এপ্রিল থেকে করোনাকালীন পর্যন্ত শুধু ক্যাম্পাস এবং কোটবাড়ি এলাকার মেসগুলোতে ৪০ শতাংশ ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন মেস ও বাসার মালিকরা। তবে শহরের মেস বা বাসা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যেসব শিক্ষার্থী পূর্ণ ভাড়া দিয়েছেন তাদের আগামী মাসগুলোর সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। গ্যাস বিল এবং পানির বিলও মওকুফের আওতাভুক্ত থাকবে। প্রক্টর বলেন, ‘৫০ শতাংশ মওকুফের প্রস্তাব দিয়েছিলাম। মালিকরা ৪০ শতাংশে সম্মত হয়েছে। শিগগিরই শহরের মেস বা বাসার মালিকদের সঙ্গে বসব।’
