পটুয়াখালীতে করোনায় বৃদ্ধার মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

আপডেট : ১২ জুলাই ২০২০, ১০:৩৬ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সূর্য বানু (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় সিনিয়র স্টাফ নার্স, বাউফল থানার ৭ পুলিশ সদস্য ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কনসালটেন্টসহ নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। নতুন আক্রান্তদের মধ্যে বাউফলের ১৪ জন, সদর উপজেলার ৯ জন, দশমিনার ৫ জন, গলাচিপার ৫ জন ও ৪ জনের বাড়ি কলাপাড়া উপজেলায়।

আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপ্রিল।

এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত