করোনায় আক্রান্ত টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার

আপডেট : ১২ জুলাই ২০২০, ১১:১৫ এএম

বাংলাদেশ, পাকিস্তানের পর এবার ভারতীয় ক্রিকেটেও করোনাভাইরাস সংক্রমণ ঘটিয়েছে। কভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার ও উত্তর প্রদেশের মন্ত্রী পরিষদের সদস্য চেতন চৌহান।

শনিবার রাতে ৭২ বছর বয়সী চেতনের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে। সাবেক এই ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ও আরপি সিং।

১৯৮১ সালে ক্রিকেটকে বিদায় জানানোর আগে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেন চেতন। টেস্টে ১৬টি অর্ধশতকসহ তার রান ২ হাজারের ওপরে। সাত ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে করেন ১৫৩ রান।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, চেতনের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসার পুরো চৌহান পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবার কভিড-১৯ করা হবে বলে জানানো হয়েছে।

সাবেক লোকসভা সদস্য চেতন বর্তমানে উত্তর প্রদেশের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

করোনায় আক্রান্ত হাতেগোনা নামীদামি কয়েকজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকায় চেতনের নামটি উঠল। এর আগে করোনায় আক্রান্তে হন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও স্কটল্যান্ডের মাজিদ হক। করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য নাফিস ইকবালও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত