মাদারীপুরে পুকুরে গোসলে নেমে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০২০, ১২:৩৯ পিএম

পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্বর্ণা বাড়ৈ (১১) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি ৯৯৯ নম্বরে কল করে এক ঘণ্টা পর উদ্ধার হয় মরদেহটি।

রবিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার কদমবাড়ীর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণা একই এলাকার গোপাল বাড়ৈর মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে স্বর্না বাড়ির পাশে একটি গভীর পুকুরে চাচির সঙ্গে আরও দুইজনকে নিয়ে গোসল করতে নামে কিন্তু সাঁতার না জানায় তিনজনই পুকুরের গভীরে তলিয়ে যেতে থাকেন, সে সময় স্বর্ণার চাচি নিজের হাত দিয়ে দুইজনকে উঠাতে পারলেও স্বর্ণাকে তুলতে পারেনি।’

পরে ৯৯৯ নম্বরে কল করে রাজৈর উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেণ্টা চালিয়ে সন্ধ্যায় পুকুরের গভীর থেকে ফায়ারম্যান এনায়েত হোসেন স্বর্ণাকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে স্বর্ণা মারা গেছে।

মাদারীপুরের রাজৈর উপজেলার ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার সালাউদ্দিন লস্কর জানান, আমাদের কাছে ৯৯৯ নম্বর থেকে ম্যাসেজ আসে কদমবাড়ীর দিঘিরপাড় এলাকায় একটি পুকুরে একটি মেয়ে নিখোঁজ রয়েছে। এরপরই ঘটনাস্থলে একটি টিম নিয়ে যাই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে আমরা উদ্ধার করি।

 আমরা লাশটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, আমরা বিষয়টি জানি না আমাদের জানানো হয় নাই। আমি খোঁজ নিচ্ছি এবং বিষয়টি দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত