নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মদ বিক্রি নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, করোনা পরিস্থিতি ঠেকাতে সন্ধ্যাকালীন কারফিউ জারিসহ নতুন কিছু বিধি নিষেধ আরোপ করেছে আফ্রিকার দেশটি।
এর ফলে সন্ধ্যার পর ঘোরাফেরা নিষেধ এবং বাইরে বের হতে হলে এখন থেকে মাস্ক পরা বাধ্যতামূলক।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেরিল রামাফোসা মনে করেন মদ বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাবে।
এ বছর দ্বিতীয়বারের মতো মদ্যপানের ওপর এই কড়াকড়ি আরোপ করল দেশটি।
প্রায় আড়াই লাখ মানুষ করোনায় সংক্রমিত হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নিল দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ।
আফ্রিকা মহাদেশে প্রাণঘাতী ভাইরাসটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে দেশটিতে। এই সপ্তাহের শুরুতে দৈনিক রেকর্ড সংক্রমণ ঘটে।
দেশটির গাওতাং প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রদেশটিতে আগাম ১৫ লাখ কবর খুড়ে রাখার প্রস্তুতি নিচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ মারা গেছেন। দেশটির সরকার আশঙ্কা করছে বছরের শেষ নাগাদ মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।
