বোয়ালমারীর উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
রোববার রাতে বোয়ালমারীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান একথা জানান।
তিনি জানান, গত শুক্রবার ১০ জুলাই উপজেলা চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। রোববার রাতে পজিটিভ রিপোর্ট আসে। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আসেন।
মোশাররফ হোসেন বোয়ালমারীর উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি এক যুগ ধরে এই উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, কয়েক দিন ধরে জ্বর ও কাশির সমস্যায় রয়েছেন, তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকেই এই উপজেলা চেয়ারম্যান উপজেলার বিভিন্ন এলাকায় ছোটাছুটি করেছেন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কেউ করোনায় আক্রান্ত হলে তাদের বাড়িতে হাজির হয়েছেন। তাদের খাদ্য সহায়তা, ফল, বই প্রদানসহ সাহস ও শক্তি যুগিয়েছেন।
এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৩শ ৩৭ জন। রোববার আরও ১২৯ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ জন।
স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরো জানান, জেলার বিভিন্ন হাসপাতালে করোনা রোগ নিয়ে চিকিৎসা নিচ্ছে ২৬৭জন । এছাড়াও সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১০৬৪ জন।
