শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ১১ ঘণ্টার যানজট

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৩:১৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সোমবার দিবাগত রাত ৩টা থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দে ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ট্রাকটি মেরামতের পর সরিয়ে নেওয়া হলে এ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে প্রায় ১১ ঘণ্টা আটকা ওই সড়কে চলাচলকারী ৫ হাজার যাত্রী ও পণ্যবাহী বাস, কোচ, ট্রাক, ট্যাংকলরি আটকে থাকে।

এদিকে যানজটের কারণে পাবনা-ঢাকা, পাবনা-বগুড়া রুটে যান চলাচল বন্ধ হয়ে গেলে মাঝপথে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে উল্লাপাড়া সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা ভাঙ্গা স্থানে ইট ও পাথরের রাবিশ ফেলে সড়কটি দ্রুত চলাচল উপযোগী করতে কাজ শুরু করে। সেই সাথে শাহজাদপুর থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে এ যানজট নিরসনে কাজ করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, বিসিক বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার একপাশে মেরামতের কাজ চলছে। এ কারণে অপর পাশের রাস্তা বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। এতে রাত থেকে ওই সড়কে যানবহন ধীরগতিতে চলছিল। সকালে ওই স্থানে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় দুপুরের মধ্যে এ যানজট নিরসন হয়। এখন ওই পথে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরুন্নবী প্রধান বলেন, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক বলেন, এ সড়কের ঢালাই কাজের জন্য পাথর পেতে দেরি হওয়ায় কাজটি শেষ হতে একটু বিলম্ব হচ্ছে। ফলে গত দুই দিনের বৃষ্টিতে সড়কের অপর অংশের সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সড়কটিতে দ্রুত সময়ের মধ্যে চলাচল স্বাভাবিক হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত