পা-চালিত পানির কলে কমবে করোনাসহ রোগ-জীবাণুর সংক্রমণ

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৫:৫৯ পিএম

করোনা মহামারীর এই সময়ে রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে হাতের বদলে প্যাডেলট্যাপ বা পা-চালিত ফিল্টারের ব্যবহার বিকল্প হতে পারে।

এ ধরনের ফিল্টার ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য ‘আমরা বন্ধু’ নামে একটি স্বেচ্ছাসেবামূলক প্লাটফর্ম বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহ করছে।

গত ১৬ জুন থেকে মুগদা হাসপাতাল এবং ৮ জুলাই থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনে এমন একটি প্যাডেলট্যাপ স্থাপন করা হয়েছে যাতে হাসপাতালে আগত মানুষজন সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ পানি পান করতে পারে।

জানা গেছে, প্রতিদিন একটা ফিল্টার থেকে দুই থেকে তিনশ’ মানুষ পান করতে পারছেন। এসব জায়গায় পেপার গ্লাস এবং বিশুদ্ধ পানি কিনে দিতেতে প্রতিদিন গড়ে তিন-চারশ’ টাকা খরচ হচ্ছে।

করোনার এই মহামারীকালে প্রচণ্ড রোদে অপেক্ষারত ক্লান্ত মানুষদের জন্য এটি খুব সামান্য সহায়তা হলেও এর ফলে অনেক মানুষ সংক্রমণের ঝুঁকি ছাড়া তৃষ্ণা নিবারণ করতে পারছেন।

অকালপ্রয়াত পদার্থবিজ্ঞানী ড. রাসেল পারভেজের স্মরণে এবং করোনা-পরবর্তী প্রযুক্তি উদ্ভাবনীয় প্রতিষ্ঠান মাল্টিভার্সের সহায়তায় এই প্যাডেলট্যাপটি বানানো হয়।

সাধারণত পানির ফিল্টারের ট্যাপ হাত দিয়ে চালু করতে হয়। এগুলো পাবলিক স্পেসে যখন ব্যবহার করা হয় তখন এর ট্যাপ অসংখ্য মানুষ হাত দিয়ে স্পর্শ করায় করোনাসহ অন্যান্য রোগ-জীবাণু ছড়াতে পারে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হাতের বদলে ফুট অপারেটেড বা পা-চালিত পানির কল ব্যবহার করা হচ্ছে। তবে এর বেশিরভাগই অনেক দামি, ইলেকট্রনিক-সেন্সর নির্ভর।

দেশেও এখন এসব পানির ফিল্টারকে সহজেই প্যাডেল চালিত বা ফুট-অপরেটেড করে ফেলা প্রয়োজন। বিশেষ করে অফিস, আদালত, হাসপাতাল, মার্কেট,স্কুল-কলেজ, হোটেল-রেস্টুরেন্টন্ট প্রভৃতি স্থানে।

এর ফলে হলে কভিড-১৯ ছাড়াও ইনফ্লুয়েঞ্জা, ডায়ারিয়াসহ অনেক ধরনের রোগ-জীবাণুর সংক্রমণ কমে যাবে।

সংগঠনটির পরিকল্পনা রয়েছে হাসপাতাল ছাড়াও অন্যান্য পাবলিক প্লেসে বিনামূল্যে প্যাডেলচালিত ফিল্টার স্থাপন করা। এতে এর ব্যবহারের ধারণা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত