রাহুল জোহরিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে হেমাঙ্গ আমিনকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
হেমাঙ্গ এতদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চিফ অপারেটিং অফিসারের (সিওও) ভূমিকা পালন করতেন। তাকে রিপোর্ট করতে হতো বিসিসিআইয়ের সাবেক সিইও রাহুল জোহরির কাছে।
নতুন প্রধান নির্বাহী নিয়োগের আগ পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন হেমাঙ্গ। দুই মাসের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন সিইও খুঁজে নেবে বলে সংবাদ মাধ্যমে খবর।
বোর্ড সূত্রের ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরো বলছে, এবার বিসিসিআই নতুন সিইও’র পেছনে জোহরির মতো প্রচুর অর্থ খরচ করতে চায় না।
২০১৬ সালে প্রখ্যাত এজেন্সি কর্ন ফেরির মাধ্যমে রাহুল জোহুরিকে নিয়োগ দিয়েছিল ভারতীয় বোর্ড। শোনা যাচ্ছে, বিসিসিআই এবার নিজেরাই খুঁজে নেবে উপযুক্ত প্রার্থী। কোনো এজেন্সির দ্বারস্থ হবে না।
