তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে আরও এক বছরের জন্য সুরথ কুমারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। চাকরির মেয়াদ শেষে প্রধান তথ্য অফিসার থাকা অবস্থায় গত ৪ জুলাই অবসর-উত্তর ছুটিতে গিয়েছিলেন সুরথ কুমার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার অবসর-উত্তর ছুটি ভোগরত এই অতিরিক্ত সচিবকে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
আদেশ বলা হয়, সুরথ কুমার সরকারকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের মেয়াদে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে অতিরিক্ত সচিব সুরথ কুমার সরকার ২০১৯ সালের ২৭ জুন তথ্য অধিদপ্তরে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রধান তথ্য অফিসার থাকা অবস্থায় সুরথ কুমার সরকার তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের মধ্য থেকে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
