সাভারে শিল্প পুলিশে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্তের পর সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় পুলিশ সদস্যদের মাঝে পিপিই, ঔষধসহ করোনা হতে নিরাপদ থাকার জন্য বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, এর কানফারেন্স রুমে ৫৩ জন করোনা যোদ্ধাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের এসপি সানা শামীনুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই তিনি উপস্থিত করোনা যুদ্ধে জয়ী ৫৩ জন পুলিশ সদস্যকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সানা শামীনুর রহমান বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে করোনা যোদ্ধাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দূরত্ব মেনে স্বল্প পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এবং আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী বর্তমান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সহিত পালন করে যাচ্ছে।
একইভাবে আগামী দিনগুলোতেও সকল পুলিশ সদস্যকে অত্যন্ত আন্তরিকতার সহিত শিল্পাঞ্চল এলাকায় জনসাধারণের মধ্যে পুলিশি সেবা সহজভাবে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে আরও বলেন, পুলিশে চাকরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝুঁকির কথা বিবেচনা করেই প্রয়জনীয় স্বাস্থ্যবিধি মেনে সকলে উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে গিয়ে দুইজন সিনিয়র অফিসারসহ ৫৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়।
তাদের মধ্যে ইতিমধ্যে ৫০ সদস্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। তারা যেন পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে মূলত সেজন্যই তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানোর আয়োজন করা হয়েছে।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, সহকারী পুলিশ সুপার মো. আউয়াল হোসেন খান, আবু জাফর মোহাম্মদ ছালেহসহ করোনা জয়ী ৫৩ জন পুলিশ সদস্য।
প্রসঙ্গত, করোনা মহামারীর শুরু থেকে দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীসহ আশুলিয়া শিল্প এলাকায় বসবাসকারী জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।
