করোনা আক্রান্ত বোনকে দেখতে আসতে পারছেন না জোবাইদা

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৪:৪৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত বড় বোন শাহীনা জামান বিন্দুকে দেখতে দেশে আসতে পারছেন না লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এদিকে জোবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দুও করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তাদের দেখতে আসতে পারছেন না জোবাইদা রহমান।

ডোনার বলেন, এর আগে তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো মারা গেলেও দেশে আসতে পারেননি জোবাইদা রহমান।

তিনি জানান, তারপরও তার পক্ষে দেশের মানুষের সুরক্ষায় নানা কর্মসূচি নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ অবস্থায় পরিবারের সদস্যদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন জোবাইদা রহমান।

ডোনার বলেন, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাউন্ডেশনের হটলাইন নাম্বার চালু করেছেন। এই নাম্বারে ফোন করে যে কেউ করোনার চিকিৎসা নিতে পারবেন। এ ছাড়া জনগণকে সচেতন করতে জেলায় জেলায় লিফলেট বিতরণ করা হচ্ছে।

বিএনপির একাধিক সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্ত্রীর বড় বোন শাহীনা জামান বিন্দু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৭ জুলাই তার করোনাভাইরাস টেস্ট করালে কভিড পজিটিভ হয়।

সূত্র আরও জানায়, গত কয়েকদিন ধরে তার জ্বর একশো’র ওপরে থাকছে। স্যাচুরেশন লেবেল ৮৫। তাকে অক্সিজেন দিতে হচ্ছে। তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত