যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমান সরকার তরুণ ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদানে বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কেউ কর্মহীন থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে ‘অদম্য যুবদের জন্য দক্ষতা’ - এই প্রতিপাদ্য বিষয়ের উপর বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনলাইনভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ মহান নেতার জন্মশতবার্ষিকীতে কেউ কর্মহীন থাকবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন এর অভীষ্ট নির্ধারিত সময়ের মধ্যে অর্জনে সরকার বদ্ধপরিকর।’
‘রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন দেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশের সকল কর্মক্ষম মানুষ বিশেষ করে যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। রূপকল্প ও টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জনের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ও প্রশিক্ষণে যুবসমাজের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এ জন্য দেশের যুবসমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।’- বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের মূল অঙ্গীকারই হচ্ছে “তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি”। তারুণ্যের শক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি উপজেলায় ‘যুব প্রশিক্ষণ-বিনোদন’ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির (অতিরিক্ত সচিব)।
যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ৮টি বিভাগীয় জেলা ও অন্যান্য ২০টি জেলার উপপরিচালক/কো-অর্ডিনেটর/ডেপুটি কো-অর্ডিনেটর, ৬৪ জেলা হতে যুব সংগঠক, সাবেক ও বর্তমান প্রশিক্ষণার্থীগণ এ আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন।
এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) মধ্যে ৫ বছরের ‘এমওইউ’ স্বাক্ষরিত হয়। এই এমওইউ’র আওতায় ৬ হাজার যুবক ও যুব নারীকে যুব উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
