নেত্রকোনায় নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০২:২৪ এএম

নেত্রকোনায় বিসিক শিল্প নগরীতে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‍্যাবের একটি দল।

বুধবার রাতে সদরের চল্লিশা এলাকায় বিসিকের রহিমা সোয়েটার নামে এক ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালিত হয়। সেখানে নকল হ্যান্ড স্যানিটাইজার, বিদেশি সেন্ট, বডি স্প্রে, মেহেদিসহ বিভিন্ন ধরনের ৪৫ প্রকারের বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ মেশিন জব্দ করা হয়।

পরে জেড অ্যান্ড এম নামের একটি নকল কারখানার মালিক নুরুর রহমান জাহিদকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এনএসআই এর উপ-পরিচালক মো. তৌফিকুর রহমান ও র‍্যাব-১৪ এর অধিনায়ক এস এম শোভন খান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে জব্দকৃত প্রসাধনীগুলো ধ্বংস করে দেন।

জানা গেছে, নকল প্রস্তুতকারক জাহিদ দীর্ঘদিন ধরে সোয়েটার ফ্যাক্টরির ভেতরে জেড অ্যান্ড এম নামে এসকল নকল প্রসাধনী তৈরি করে আসছিলেন। নওগা, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জসহ দেশের মোট ১৮টি জেলায় ডিলারের মাধ্যমে এসকল নকল পণ্য গ্রামে গঞ্জের বিভিন্ন বাজারে বিক্রি করা হতো।

জাহিদ নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বাসিন্দা এবং শহরের পুরোনো বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হামিদুর রহমান খানের ছেলে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত