টাঙ্গাইলের মির্জাপুরে চার পুলিশ সদস্যসহ নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ৩৪২ জন করোনায় সংক্রমিত হলেন।
বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের চার পুলিশ কনস্টেবল। এছাড়া পৌরসভার বাইমহাটী গ্রামের এক পুরুষ (৪৫), উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামের এক যুবক (২৫) ও ইচাইল গ্রামের এক পুরুষ (৩১) এবং গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ এলাকার এক পুরুষ (৩৫) আর সোহাগপুর বাজার এলাকার এক নারী (৪৫) রয়েছেন।
মির্জাপুরে সব মিলিয়ে ৩৪২ জন করোনা রোগীর মধ্যে ছয়জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৭৫ জন। বাকি ১৬১ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, পুলিশ সদস্যদের তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
