ভারত বলছে তারা ‘বাংলাদেশের নাগরিক’। বাংলাদেশ বলছে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র থাকতে হবে। দুই পক্ষের এমন মতবিরোধে ভারতের ত্রিপুরা সীমান্তে নারী ও শিশুসহ মোট ১২ জন ৪ দিন ধরে আটকা আছেন।
ভারতীয় গণমাধ্যম ডেকান হোরাল্ড বলছে, ১২ জনের মধ্যে পাঁচজন নারী এবং পাঁচ শিশু রয়েছে। গত শনিবার মিয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করে বিএসএফ। বিএসএফের দাবি, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।
কিন্তু বিজিবি জানিয়েছে, ওই ১২ জনের কাছে বাংলাদেশি পরিচয়ের কোনো তথ্যপ্রমাণ নেই। তাই তাদের নেয়া সম্ভব হচ্ছে না। এ নিয়ে গত মঙ্গলবার দুই দেশের কর্মকর্তারা পতাকা বৈঠকও করেন।
বিজিবির ধারণা, তারা ভারতের নাগরিক হয়ে থাকতে পারেন।
বিএসএফ বলছে, জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লার বাসিন্দা হওয়ার কথা জানিয়েছেন।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে ৬৭ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই।
ওই ১২ জন এখন সীমান্তের কাছাকাছি একটি আশ্রয়কেন্দ্রে আছেন।
