সোনাগাজীতে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৪:৫০ পিএম

ফেনীর সোনাগাজীতে আলোচিত কলেজছাত্রী পলি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুলাল চন্দ্র নাথ (৪৮) কে ২০ বছর পর গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। বুধবার গভীর রাতে ফেনী শহরের সহদেবপুর এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়,  ১৯৯৭ সালে বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের তৎকালীন ছাত্রী পলি আক্তারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় হাজতবাস করেন দুলাল। পরে জামিনে মুক্তি পেয়ে প্রবাসে চলে যান সে। ২০০০ সালে ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ডাদেশ দেয়। ওই সময় থেকেই দুলাল পলাতক ছিল। দেশে ফিরে নিজ গ্রাম সোনাগাজীর সফরপুর থেকে সপরিবারে ফেনী শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় আত্মগোপনে থাকতেন দুলাল।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে দুলালকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। এ সময় ফেনী শহরের উত্তর সহদেবপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুলাল চন্দ্র নাথ সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের মরণ চন্দ্র নাথের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত