সাভারের আশুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সীল ও স্বাক্ষরিত চেক বইয়ের পাতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
গ্রেপ্তারকৃতরা হল- রিজেন্ট গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী (৬১) এবং তার গাড়ির চালক মাহমুদুল হাসান (৪০) ।
এদের মধ্যে গিয়াস উদ্দীন জালালী (৬১) ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে এবং শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য কেনা-বেচার সময় আশুলিয়ার নরসিংহপুর এলাকার আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে গিয়াস উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেটকার তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সীল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮ টি চেক বইয়ের পাতা, রিদম ট্রেডিং এর নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরনী শাখার একটি চেক বই, ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
