এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে প্রমোদ চক্রবর্তী নামে এক প্রতারককে ২ লাখ টাকা অর্থদন্ড করেছে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভুয়া ডাক্তার প্রমোদ চক্রবর্তী মানিকগঞ্জের খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি ভিজিটিং কার্ড ও রোগী দেখার ব্যবস্থাপত্রে এমবিবিএস, পিজিটি (সার্জারি), মা ও শিশু রোগে অভিজ্ঞ, মেডিকেল অফিসার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল লিখে চিকিৎসা দিতেন মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন স্থানে।
এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতারককে অর্থদন্ড করে।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এমবিবিএস পদবি ব্যবহার করে প্রমোদ চক্রবর্তী মানিকগঞ্জের সুপার ডায়াগনস্টিক সেন্টার, সিংগাইরের বাস্তা ও সাহরাইলের ফার্মেসি, সাভার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিয়মিত রোগী দেখতেন। স্থানভেদে তিনি রোগীদের কাছ থেকে ভিজিট নিতেন ৩০০ থেকে ১০০০ টাকা। করতেন বিভিন্ন অস্ত্রোপচার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অর্থদন্ডের সত্যতা স্বীকার করেছেন।
