পটুয়াখালীর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৮:১৯ এএম

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন করা হয়েছে। জুলুম-অত্যাচার, মারধর-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ছিনতাই-ডাকাতি এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করে এক পরিবার।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল ফজলুল হক খান।

লিখিত বক্তব্যে ফজলুল হক খান বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার আমার ছেলে শামীম খানের ব্যবসা প্রতিষ্ঠান রড-সিমেন্টের দোকান থেকে বাকিতে ১০ লাখ টাকার মালামাল ও বিভিন্ন সময়ে ধার বাবদ নগদ অর্থ নেয়। কিন্তু বাকি ও ধারের টাকা চাইতে গেলে হাসান শিকদার ও তার সহযোগী সন্ত্রাসী দল আমার ছেলেকে হত্যার হুমকি দেয়।

টাকা চাওয়ার কারণে সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটের সময় ছেলের বসতঘরে হাসান শিকদারের নেতৃত্বে কয়েকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করে। যার ফুটেজ আরেকটি গোপন সিটিটিভি ক্যামেরার হার্ডডিস্কে ধারণ করা রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি হাসান শিকদার আমার ছেলেকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দেয় এবং প্রতিষ্ঠানটি দখল করে নেয়।

তবে অভিযোগ অস্বীকার করে হাসান শিকদার মুঠোফোনে বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আমার শেয়ার আছে। ছাত্রলীগের দুর্নাম করার জন্য তারা এসব অভিযোগ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত