৪৮০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে বিসিসিআইকে

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০২:১৯ পিএম

করোনাভাইরাসের ধাক্কায় এমনিতেই অর্থনৈতিক দৈন্যদশায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। এর মধ্যে আরও এক দুঃসংবাদ এসেছে তাদের জন্য। ডেকান চার্জার্সকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেওয়ায় সাবেক ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রতিষ্ঠানকে ৪ হাজার ৮০০ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের উচ্চ আদালত।

২০০৮ সালে ডিসিএইচএল’র মালিকানাধীন ছিল ডেকান চার্জার্স। ২০০৯ সালে আইপিএলে তারা চ্যাম্পিয়ন হয়। কিন্তু ক্রিকেটারদের বেতন ঠিকমতো না দেওয়ার নানা অভিযোগে ২০১২ সালে ডেকানের স্বত্ব বাতিল করে বিসিসিআই।

ডেকান কর্তৃপক্ষ মুম্বাইয়ের হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করে জানায়, বিসিসিআই নিজেদের ইচ্ছেমতো চুক্তি ছিন্ন করেছে। আদালত সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিকে ঠক্করকে নিয়োগ করে এই বিষয় সম্পন্ন করার দায়িত্ব দেয়।

ডেকান কর্তৃপক্ষের হয়ে এই মামলা লড়ছিলেন ধীর অ্যান্ড ধীর অ্যাসোসিয়েটসের আইনজীবী মনীষা ধীর। তিনি বলেছেন, “বিচারপতি বিষয়টি বেআইনি বলে জানিয়েছেন। সেই কারণে বোর্ডকে ক্ষতিপূরণ বাবদ ৬৩০ কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আনুষঙ্গিক ক্ষতিপূরণ বাবদ বোর্ডকে আরও ৪১৬০ কোটি রুপি দিতে হবে।”

বিসিসিআইয়ের অন্তর্বর্তী প্রধান নির্বাহী হেমাঙ্গ আমিন ইকোনমিক টাইমসকে জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত