বিশ্বকাপ বাছাইয়ের ভেন্যু জানতে চেয়ে বাফুফেকে চিঠি এএফসির

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:৩৬ এএম

করোনার কারণে স্থগিত থাকা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের খেলা ফের শুরু হচ্ছে অক্টোবরে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) খসড়া সূচি জানিয়েছে আগেই। তবে ম্যাচগুলোর ভেন্যু ও কিক অফের সময় এখনো চূড়ান্ত হয়নি। যা জানতে চেয়ে অংশগ্রহণকারী দেশ সমূহকে চিঠি দিয়েছে এএফসি।

বাফুফে বরাবরও শুক্রবার এ সংক্রান্ত চিঠি আসে। বাফুফে সাধারণ সম্পাদক জানান, ‘আমরা গত শুক্রবার এএফসি থেকে ফিফা-এএফসি জয়েন্ট কোয়ালিফিকেশন সংক্রান্ত বিষয়সমূহের ওপর একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। তারা ম্যাচ ডে-৭ (বাংলাদেশ বনাম আফগানিস্তান, অক্টোবর ৮, ২০২০), ম্যাচ ডে-৮ (কাতার বনাম বাংলাদেশ, অক্টোবর ১৩, ২০২০), ম্যাচ ডে-৯ (বাংলাদেশ বনাম ভারত, নভেম্বর ১২, ২০২০) এবং ম্যাচ ডে-১০ (বাংলাদেশ বনাম ওমান, নভেম্বর ১৭, ২০২০) এর ভেন্যু ও কিক-অফের সময় জানতে চেয়েছে।’

বাংলাদেশ তাদের বাকি থাকার চার ম্যাচের তিনটিই খেলবে নিজেদের মাঠে। কাতারের বিপক্ষে ম্যাচটি শুধু প্রতিপক্ষের মাটিতে। অর্থাৎ বাফুফেকে তিনটি ম্যাচের ভেন্যু ও কিক অফের সময় চূড়ান্ত করে জানাতে হবে।

বাফুফে আগেই জানিয়েছে তিনটি ম্যাচই তারা সিলেটে আয়োজন করতে চায়। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আফগানিস্তান ম্যাচের বিষয়ে ৩১ জুলাইয়ের মধ্যে সবকিছু চূড়ান্ত জানিয়ে দিতে চান তারা। বাকি দুই হোম ম্যাচ অর্থাৎ ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ নিয়ে ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে।

আবু নাঈম সোহাগ আরো জানান, ‘এএফসি বিভিন্ন দলের অংশগ্রহণকারী খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ম্যাচ ডে’র ন্যূনতম ৭ দিন আগে রেজিস্ট্রেশন করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ট্রাভেল ও ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন থেকেই ভ্রমণকারী দেশগুলোকে আয়োজক দেশগুলোর ফুটবল সংস্থার সাথে আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত