সরকারি নির্দেশ অমান্য করে গাজীপুরে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগে নগরীর কোনাবাড়ি জরুন ন্যাশনাল স্কুলের মালিককে ৭ দিনের কারাদন্ড এবং তার স্ত্রী স্কুলশিক্ষিকাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া একই অপরাধে কোনাবাড়ী হরিনারচালা এলাকায় অরবিট এডু কেয়ার স্কুলের প্রধান শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা এবং অক্সফোর্ড ও মাইলস্টোন স্কুলের শিক্ষক রবিন হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এ কারাদন্ড প্রদান ও জরিমানা আদায় করেন।
রাবেয়া পারভেজ জানান, কোনাবাড়ি জরুন ন্যাশনাল স্কুল, অরবিট এডু কেয়ার স্কুল, অক্সফোর্ড মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। জরুন ন্যাশনাল স্কুলের মালিককে ৭ দিনের কারাদ- ও তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
