আজ রবিবার থেকে সপ্তাহের প্রতিটি কর্মদিবসেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের এ সিদ্ধান্তের কথা গত মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানায় আপিল বিভাগ প্রশাসন। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার থেকে প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত আপিল বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হবে।
এর আগে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার (১৩ জুলাই) দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে মামলার শুনানি হয়। ওইদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আপিল বিভাগের অপর বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মো. নুরুজ্জামান। এ ছাড়া মামলার শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনসহ মামলাসংশ্লিষ্ট আইনজীবীরা।
