সাদাকালো যুগের নায়িকা দাদির স্বপ্নপূরণ করেন রণবীর

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১০:২৯ এএম

অনেকে হয়তো জানেন না রণবীর সিং-এর সঙ্গে পারিবারিকভাবেই সিনেমা যোগ রয়েছে। এই নায়কের দাদি ছিলেন সাদাকালো যুগের জনপ্রিয় নায়িকা। সেই সূত্রে সোনম কাপুরের ভাই হন রণবীর!

‘বেফিকরে’ নায়কের দাদির নাম চাঁদ বার্ক। তার ইচ্ছা ছিল ছেলেও সিনেমায় নায়ক হবে। কিন্তু সেই সাধ পূর্ণ করেন তার নাতি বিট্টু তথা রণবীর সিং। পরিবারের ঘনিষ্ঠরা বলেন, অভিনয় প্রতিভার পাশাপাশি প্রাণবন্ত স্বভাবও তিনি পেয়েছেন দাদির কাছ থেকেই।

চাঁদের জন্ম ১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি, ব্রিটিশ ইন্ডিয়ার ঝুমরাহ-তে। এখন এই অঞ্চল পাকিস্তানের অন্তর্গত। চাঁদের বাবা-মা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। বারো  ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট চাঁদ ছিল অন্যরকম। লেখাপড়া বা নাচগান— সব কাজই তার নিখুঁতভাবে করা চাই। কৈশোর থেকেই তার খুব অভিনয় করার শখ। ১৯৪৬ সালে চৌদ্দ বছর বয়সে প্রথম পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন তিনি, নাম ‘কাহাঁ গ্যায়ে’।

কয়েক দিনের মধ্যেই প্রথম ছবির পরিচালক নিরঞ্জনকে বিয়ে করেন চাঁদ। বিয়ের পরে বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন তিনি। পঞ্চাশ ও ষাটের দশকে ওই ইন্ডাস্ট্রির পরিচিত মুখে পরিণত হন। অভিনয়ের সঙ্গে নাচেও তিনি ছিলেন সমান দক্ষ। তাকে বলা হতো ‘ডান্সিং লিলি অব পাঞ্জাব’।

হিন্দি ছবিতে তাকে ব্রেক দেন রাজ কাপুর। এই কিংবদন্তির পরিচালনায় চাঁদের প্রথম ছবি ‘বুট পলিশ’ মুক্তি পায় ১৯৫৪ সালে। সে বছরই চাঁদের সঙ্গে প্রথম স্বামীর বিয়ে ভেঙে যায়।

রাজ কাপুরের কাছে অভিনয়ের সুযোগ চেয়েছিলেন চাঁদ নিজেই। ‘বুট পলিশ’-এ এক মুখরা তরুণীর ভূমিকায় তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। এ ছাড়া ‘বসন্তবাহার’, ‘লাজবন্তী’, ‘আদালত’-সহ বেশ কিছু হিন্দি ছবিতে পার্শ্বনায়িকার ভূমিকায় অভিনয় করেন।

১৯৫৭ সালে তিনি বিয়ে করেন আর্কিটেক্ট তথা ব্যবসায়ী সুন্দর সিং ভবনানিকে। দ্বিতীয় বিয়ের পরে অভিনয় কমিয়ে দেন চাঁদ। তার শেষ ছবি ‘পরদেশাঁ’ মুক্তি পায় ১৯৬৯ সালে।

চাঁদ চেয়েছিলেন ছেলে যুগজিৎ যেন অভিনয়কে পেশা করেন। কিন্তু মাকে নিরাশ করেন যুগজিৎ ওরফে ছোটু। তিনি বাবার ব্যবসার হাল ধরেন। যুগজিৎ সিং ভবনানি এখন মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সুন্দর ও চাদের মেয়ে টোনিয়া বিয়ের পরে এখন থাকেন যুক্তরাষ্ট্রে।

যুগজিতের স্ত্রী অঞ্জুও ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত নন। তাদের ছেলে রণবীরের জন্ম ১৯৮৫ সালের ৬ জুলাই। তিনি প্রথম অভিনয় করেন ২০১০ সালে, ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে। নাতির নায়ক হওয়া অবশ্য দেখে যেতে পারেননি চাঁদ। রণবীর অভিনয় শুরু করার দুই বছর আগে তিনি প্রয়াত হন। তবে আদরের নাতি ‘বিট্টু’ একদিন সফল তারকা হবেন, সেই বিশ্বাস বাস্তবায়িত হয়েছে।

চাঁদের স্বামী সুন্দর সিং ও অনিল কাপুরের শ্বশুর অর্থাৎ সোনম কাপুরের দাদা সম্পর্কে দুই ভাই। সে দিক দিয়ে রণবীর ও সোনম ভাই-বোনও বটে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত