প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় পালিত হয়েছে তাঁর ৮ম মৃত্যুবার্ষিকী।
রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রেক্লাবের ছাদ চত্বরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই স্মরণ কথনের আয়োজন করে হিমু পাঠক আড্ডা।
একই সময়ে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের হুমায়ূন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নানা কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, কোরআনখানি, দোয়া, শোক র্যালিসহ হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এ সময় তরুণ ভক্তরা হলুদ পাঞ্জাবী পড়ে হিমু সেজে প্রিয় লেখকের প্রয়াণে এক মিনিট নিরবতা পালন করে।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের পরিচালনায় সাহিত্যিক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে লেখকের নিজ জেলার স্মৃতি চারণ করা হয়। হুমায়ূন আহমেদের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জ এবং পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলা নিয়ে লেখকের শৈশব কৈশোর সম্পর্কে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক ছড়াকার শ্যামলেন্দু পাল।
এছাড়াও জীবনী ও পুরস্কার নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর সম্পাদক অসিত ঘোষ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিল্পী ভট্টাচার্য, ঢাবির ছাত্র তানভীর হায়াত খান, শিশু ছায়ার তোফায়েল খান সায়ন, হিমু পাঠক বর্নদ্বীপ রায় শ্যামসহ অন্যান্য সদস্যরা।
এদিকে জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন ছাড়াও পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুর লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সনের ১৩ নভেম্বর মামার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন এই কৃতি লেখক। ২০১২ সনের ১৯ জুলাই তিনি আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
