টাকার বিনিময়ে বিদেশযাত্রীদের করোনার ভুয়া সনদ প্রদান, মিথ্যা পরিচয় ব্যবহার ও নিজে করোনায় আক্রান্ত হয়েও চেম্বারে রোগী দেখার অপরাধে সিলেটে এক চিকিৎসককে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় র্যাব-৯-এর সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত ডা. এ এইচ এম শাহ আলম সিলেট নগরীর মধুশহীদ এলাকার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নিচতলায় নিজ চেম্বারে রোগী দেখতেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের কারাদ-, ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দিয়েছে।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম জানান, রবিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে র্যাব সদস্যরা ডা. শাহ আলমের চেম্বারে অভিযান চালান। এ সময় শাহ আলম টাকার বিনিময়ে বিদেশযাত্রী কয়েকজনকে ‘করোনা আক্রান্ত নয়’ বলে সনদ দেওয়ার কথা স্বীকার করেন।
