করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের অবস্থা নাজেহাল। সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে অসচেতনতা। বারবার প্রচারের পরও অনেক মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন, তোয়াক্কা করছেন না সামাজিক দূরত্ববিধির। এমন অবস্থায় শাহরুখ খানের দ্বারস্থ হলো আসাম পুলিশ।
টুইটার অ্যাকাউন্ট থেকে করোনা সচেতনতার প্রচার করা হলো খানিক ফিল্মি ঢঙে। শাহরুখ খানের সিগনেচার পোজটি সামান্য রদবদল করে নিয়েছে আসাম পুলিশ। কিং খানের দুই হাত ছড়িয়ে দাঁড়ানোর সেই আইকনিক পোজের একটি ছবিতে তার মুখে মাস্ক পরিয়ে দুই হাতের দূরত্ব ৬ ফুট দেখিয়ে পোস্ট করা হয়। সেই সঙ্গে ব্লকবাস্টার ‘বাজিগর’-এর জনপ্রিয় একটি সংলাপও তুলে ধরা হয়।
টুইটে লেখা হয়, ‘সামাজিক দূরত্ব জীবন বাঁচাতে পারে... ঠিক যেমন এসআরকে বলেন, কাভি কাভি পাস আনে কে লিয়ে কুছ দূর জানা পরতা হ্যায়... আউর দূর যাকার পাস আনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায়। ৬ ফুট দূরে থেকে বাজিগর হন!’
অবশ্য করোনার সচেতনতা বাড়াতে এই প্রথমবার শাহরুখ খানকে টানা হয়েছে এমন নয়, এর আগেও তার জনপ্রিয় সংলাপের মিম ব্যবহৃত হয়েছে সচেতনতা প্রচারে।
এর আগে মুম্বাই পুলিশ শাহরুখের ছবি ‘ম্যায় হু না’র একটি দৃশ্য ব্যবহার করেছিল। সেই ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে কলেজের শিক্ষকের ছিটানো থুথু থেকে নিজেকে বাঁচাতে পেছন দিকে হেলে পড়েন শাহরুখ। দৃশ্যটি টুইট করে মুম্বাই পুলিশ লেখে, ‘শাহরুখকে আর এমন স্টান্ট করতে হবে না— মাস্ক হ্যায় না!’
এ দিক একাধিক করোনা তহবিলে অনুদান দিয়েছেন কিং খান। এমনকি নিজের অফিস ছেড়ে দেন কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য।
