অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, বিজ্ঞান বিষয়ক বিশিষ্ট লেখক অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
রবিবার রাত সাড়ে ১১ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের কুলখানি বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর মসজিদে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মোহাম্মদ শফিউল্লাহ ১৯৪৪ সালে ফেনী জেলার দাগনভূঞা থানার তালতলী গ্রামে জন্মগ্রহণ করেন। দাগনভূঞার আতাতুর্ক হাইস্কুল থেকে ১৯৬০ সালে মেট্রিক ও ১৯৬২ সালে ফেনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৬ সালে পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ সাল থেকে সরকারি কলেজে পদার্থবিদ্যায় শিক্ষকতার পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯২ সালে পদার্থবিদ্যার প্রফেসর হিসেবে পদোন্নতি পান। একই বছর তিনি উপ সচিব হিসেবে সচিবালয়ে যোগদান করেন। ১৯৯৭ সালে যুগ্ম সচিব ও ২০০০ সালে অতিরিক্ত সচিবের উন্নীত হন।
বৈজ্ঞানিক বিষয়ের ওপর প্রবন্ধ, গল্প লেখা মোহাম্মদ শফিউল্লাহর নেশা ছিল। তিনি বিজ্ঞান বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বহু পাঠ্যপুস্তক রচনার অংশীদার। জনপ্রিয় বিজ্ঞান বিষয়েও তার অনেক লেখা প্রকাশিত হয়েছে।
নবারুণ, কিশোর বাংলাসহ বিভিন্ন পত্রিকাতে তিনি নিয়মিত লিখতেন। কুরআনের আলোকে বিজ্ঞান (বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন), দৈনন্দিন জীবনে বিজ্ঞান (পুথিঘর), তথ্য তথ্যায়ন ও তথ্য প্রযুক্তি (বুক ওয়ার্ল্ড), নির্বাক বৈজ্ঞানিক (বুক ওয়ার্ল্ড), সেরা কজন মুসলিম বৈজ্ঞানিক (ঐতিহ্য) তার উল্লেখযোগ্য প্রকাশনা।
