বকেয়া বেতন ও আখের দাম পরিশোধের দাবিতে রেলপথ অবরোধ

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৮:০৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও আখের দাম পরিশোধের দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন।

সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সান্তাহার-লালমনিরহাট রেলরুটের মহিমাগঞ্জ রেলস্টেশনে এই কর্মসূচি পালন করে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী কল্যাণ সমিতি। গত ১৩ জুলাই ঘোষণা দেওয়া ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল রেলপথ অবরোধের এই কর্মসূচি পালন করা হয়। এছাড়া ২৫ জুলাই রয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণাও।

প্রথমে সোমবার সকাল থেকে রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে সমবেত হন চিনিকলের কয়েক’শ শ্রমিক-কর্মচারী ও আখচাষী। পরে তারা এক কিলোমিটার পথ অতিক্রম করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে তারা রেলপথ অবরোধ করে সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, রংপুর চিনিকল ইক্ষু উন্নয়ন সহকারী অ্যাসোসিয়েশনের (সিডিএ) সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও আখচাষী কল্যাণ সমিতির নেতা জিন্নাত আলী প্রধান প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের সকল দপ্তরের চাকরিজীবীদের এখন ঈদ বোনাস দেওয়া হচ্ছে। অথচ রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চার মাস ধরে দেওয়া শ্রমের মূল্যটাই পাচ্ছেন না। মানবিক কারণে হলেও আসন্ন ঈদের আগেই চার মাস ধরে বকেয়া থাকা কয়েক’শ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ প্রায় চার কোটি টাকা এবং ছয় মাস আগে চিনিকলে সরবরাহ করা আখের প্রায় ৯০ লাখ টাকা পরিশোধের দাবী জানান তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহিমাগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত