ঢাকার ধামরাইয়ে মসজিদের উন্নয়নকাজের হিসাব চাওয়ায় এক মুক্তিযোদ্ধা ও তার দুই ছেলেকে মেরে রক্তাক্তের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার সুন্ধিতারা গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজীব (২৬), সোনা মিয়ার ছেলে আনোয়ার (২৩) ও দুলু মিয়ার ছেলে হোসেন আলী (২৫)।
গতকাল সোমবার ধামরাই থানায় ১০ জনের নাম উল্লেখ করে সুন্ধিতারা গ্রামের ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন একটি মামলা করেন। এর আগে গত রবিবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, গত শুক্রবার সুন্ধিতারা জামে মসজিদে জুমার নামাজ শেষে আলোচনায় বসেন তারা। এ সময় মসজিদের উন্নয়নের হিসাব চাইলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মসজিদ কমিটির সেক্রেটারির ভাই হাসান ও তার স্বজনরা। তর্কাতর্কির একপর্যায়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করে হাসান, কালা, সোনা মিয়া, আনোয়ার, হোসেন ও রুবেলসহ ৯-১০ জন। এতে বাধা দিলে তার ছেলে স্কুলশিক্ষক লিটন ও রাশেদুলকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
